রায়পুরে কিছু তৃতীয় লিঙ্গ পরিচয়ধারী ব্যক্তির বিরুদ্ধে হয়রানির অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী
লক্ষ্মীপুরের রায়পুরে কিছু তৃতীয় লিঙ্গ পরিচয়ধারী ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগ উঠেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এসব ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ও অস্বস্তি তৈরি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, কিছু ব্যক্তি বিভিন্ন সময়ে জোরপূর্বক অর্থ দাবি করে আসছে। দাবি অনুযায়ী, অর্থ না দিলে বা প্রতিবাদ করলে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করা হয়।
এক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, “টাকা দাবিকে কেন্দ্র করে তারা আমাদের বাড়িতে এসে হামলা চালায়। এ সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং পরিবারের সদস্যরা আহত হন।”
তিনি আরও দাবি করেন, ঘটনার সময় ভিডিও ধারণ করতে গেলে তাদের পক্ষ থেকে অশোভন আচরণ করা হয়, যা পরিবারের জন্য আরও বিব্রতকর পরিস্থিতি তৈরি করে।
এ ধরনের অভিযোগের কারণে স্থানীয় পরিবারগুলো, বিশেষ করে নারী ও শিশুরা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান এলাকাবাসী। তাদের মতে, এসব ঘটনার পুনরাবৃত্তি সামাজিক পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিষয়টি চললেও এখনো পর্যন্ত কার্যকর প্রশাসনিক পদক্ষেপ দেখা যায়নি। তারা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ শাহিন মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মিটিংয়ে ব্যস্ত থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
একজন স্থানীয় সচেতন নাগরিক বলেন, “যদি অভিযোগগুলো সত্য হয়, তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। আবার কেউ যেন অন্যায়ভাবে হয়রানির শিকার না হয়, সেটিও নিশ্চিত করতে হবে।”
এলাকাবাসীর মতে, সামাজিক শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে প্রশাসনের নজরদারি বাড়ানো এবং অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত জরুরি।
বিশেষজ্ঞদের মতে, যেকোনো সামাজিক অভিযোগের ক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত, আইনগত প্রক্রিয়া অনুসরণ এবং সচেতনতা বৃদ্ধি করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।
জাকির হোসেন জুয়েল/এমএএ/জেএস

