আত্রাইয়ে মোবাইল কোর্ট: ৮০ হাজার টাকার নিষিদ্ধ রিংজাল জব্দ ও ধ্বংস
নওগাঁর আত্রাইয়ে দেশীয় প্রজাতির মাছ ও পোনামাছ সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার বিশা ইউনিয়নের ঐতিহ্যবাহী সমসপাড়া হাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমানের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্ষা মৌসুমে একশ্রেণির অসাধু ব্যক্তি নিষিদ্ধ রিং জাল ও চায়না দুয়ারী ব্যবহার করে পোনামাছসহ দেশীয় প্রজাতির মাছ নির্বিচারে আহরণ করছে, এমন সংবাদের ভিত্তিতে সমসপাড়া হাটে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় বিক্রির জন্য রাখা বিপুল পরিমাণ নিষিদ্ধ রিং জাল জব্দ করা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, সরকার দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় ক্ষতিকর ও নিষিদ্ধ জালের ব্যবহার নিষিদ্ধ করেছে। বর্ষা মৌসুমে পোনামাছ নিধন দণ্ডনীয় অপরাধ। মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান বলেন, রিং জাল ও চায়না দুয়ারীর মতো নিষিদ্ধ জাল জলাশয়ের ছোট-বড় সব ধরনের মাছ এবং জলজ পরিবেশের জন্য মারাত্মক হুমকি। দেশীয় মাছের বংশবৃদ্ধি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি জেলে ও ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বান জানান এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও মৎস্যজীবীরা।
জাগো সংবাদ/আরাফাত/ফিরোজ আহমেদ

