১২ জুনের মধ্যে নবম পে স্কেলের গেজেট না হলে লাগাতার আন্দোলনের ঘোষণা
নবম পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে এবার রাজপথে নামার ঘোষণা দিয়েছেন সরকারি কর্মচারীরা। দাবি আদায়ে আগামী ১২ জুন সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বড় ধরনের অবস্থান কর্মসূচি পালনের ডাক দিয়েছেন তারা।
শুক্রবার (১৫ মে) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মো. লুৎফর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী ১২ জুনের অবস্থান কর্মসূচি থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার ও ধারাবাহিক কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবি জানিয়ে আসলেও সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। এ অবস্থায় দ্রুত গেজেট প্রকাশ করে চলমান সংকট নিরসনে সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছে ঐক্য পরিষদ।
লিখিত বক্তব্যে মো. লুৎফর রহমান সরকারি কর্মচারীদের বর্তমান অর্থনৈতিক দুর্দশার চিত্র তুলে ধরে বলেন, “বিগত ১১ বছর ধরে প্রজাতন্ত্রের কর্মচারীরা নতুন কোনো পে স্কেল পাননি, যা তাদের চরম বঞ্চিত করেছে। এই দীর্ঘ সময়ে দেশে সম্মিলিত মুদ্রাস্ফীতি ঘটেছে প্রায় ১০৮ শতাংশ। এই চরম বাজারমূল্যের প্রেক্ষাপটে ২০১৫ সালের বেতন কাঠামো দিয়ে ২০২৬ সালে এসে কোনোভাবেই কর্মচারীরা তাদের সংসারের ভার বহন করতে পারছেন না।”
তিনি আরও যোগ করেন, জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী হওয়ায় নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীরা সপরিবারে মানবেতর জীবনযাপন করছেন। তাই দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় তারা রাজপথে নামতে বাধ্য হচ্ছেন। এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ—দ্রুত নবম পে স্কেল বাস্তবায়ন করা।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মচারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জাগো সংবাদ/আরাফাত

