রবীন্দ্র জন্মোৎসবে সেজেছে পতিসর, কাল জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠান
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে উৎসবের আমেজে সেজেছে নওগাঁর আত্রাই উপজেলার পতিসর। আগামীকাল শুক্রবার (২৫ বৈশাখ, ৮ মে) কবির স্মৃতিবিজড়িত এই নিভৃতপল্লীতে জাতীয় পর্যায়ে বর্ণাঢ্য আয়োজনে পালিত হতে যাচ্ছে জন্মোৎসব। দিনটি উদযাপনে পতিসর কাচারিবাড়ি প্রাঙ্গণে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
সরেজমিনে দেখা যায়, কাচারিবাড়ি এলাকায় তোরণ নির্মাণ, মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ শেষ পর্যায়ে, পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি ভবনগুলোতে চলছে রং-বার্ণিশের কাজ। এবারের আয়োজনে নতুন মাত্রা যোগ করতে কবিগুরুর স্মৃতিবিজড়িত বিভিন্ন সামগ্রী দিয়ে কাচারিবাড়িকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
১৮৯১ সালে কালীগ্রাম পরগণার জমিদারিভার গ্রহণের পর কবিগুরু প্রথম পতিসরে আসেন এবং ১৯৩৭ সাল পর্যন্ত নিয়মিত এখানে আসতেন। সাহিত্য রচনার পাশাপাশি তিনি এই অঞ্চলের কৃষকদের ভাগ্য উন্নয়নে নোবেল জয়ের অর্থ দিয়ে কৃষি ব্যাংক স্থাপন এবং আধুনিক লাঙলের প্রবর্তন করেছিলেন। রবীন্দ্র সংগ্রহশালার প্রতিষ্ঠাতা এম মতিউর রহমান মামুন জানান, কবির স্মৃতি ধরে রাখতে এখানে পূর্ণাঙ্গ মিউজিয়াম ও কাস্টডিয়ান নিয়োগ এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। এছাড়া রবীন্দ্র ভক্তরা পতিসরে কবির নামে একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা আসবে বলে আশা করছেন।
কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ আহসান হাবিব বলেন, “কবির পুত্র রথীন্দ্রনাথের নামে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি এখনও জাতীয়করণ করা হয়নি। এটি জাতীয়করণ এবং এখানে একটি আর্কাইভ গড়ে তোলা হলে কবির শিক্ষা ভাবনা ও ঐতিহ্য আগামী প্রজন্মের কাছে চিরস্থায়ী হবে।”
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহা. মনিরুজ্জামান জানান, আগামীকাল সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের সূচনা হবে। দেবেন্দ্র মঞ্চে আলোচনা সভায় দেশবরেণ্য কবি, সাহিত্যিক ও গবেষকগণ অংশ নেবেন। দর্শনার্থীদের জন্য ২৫ বৈশাখ দিনভর উন্মুক্ত থাকবে কুঠিবাড়ি। প্রথা অনুযায়ী কুঠিবাড়ি সংলগ্ন এলাকায় বসবে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা।
নিরাপত্তার বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নিশ্চিত করেছেন যে, অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় জেলা পুলিশ, ডিবিসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন। পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
আত্রাই-রাণীনগর আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম জানান, এবারের অনুষ্ঠানটি স্মরণকালের সেরা আয়োজনে রূপ দিতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন এলজিআরডি মন্ত্রী। বিশেষ অতিথি হিসেবে ভূমিমন্ত্রী ও সংস্কৃতি প্রতিমন্ত্রীসহ জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সব মিলিয়ে পতিসরের নিভৃতপল্লী এখন রবীন্দ্র ভক্তদের মিলনমেলায় পরিণত হওয়ার অপেক্ষায়।
জাগো সংবাদ/আরাফাত/মুন্না

