রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে চাষাড়ায় ছাত্র ফেডারেশনের মানববন্ধন
নারায়ণগঞ্জের চাষাড়া বিজয় স্তম্ভ এলাকায় রামিসাসহ দেশে সংঘটিত সকল ধর্ষণ ও ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন ও রোড-শো করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর তোলারাম কলেজ শাখা।
বৃহস্পতিবার (২০ মে) আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা ধর্ষণ, নারী নির্যাতন ও বিচারহীনতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।
অনুষ্ঠানে জেলা কমিটির সহ-সভাপতি তাইরান আবাবিল রোজা বলেন, দেশে সংঘটিত অধিকাংশ ধর্ষণ ও ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ডের সঠিক বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তিনি বলেন, “আইনের ফাঁকফোকর ব্যবহার করে অপরাধীরা জামিনে বের হয়ে আসে। ফলে তাদের মধ্যে আইনের ভয় কাজ করে না। ধর্ষণের মতো অপরাধ বন্ধ করতে হলে বিচার ব্যবস্থার সংস্কার জরুরি।”
সংগঠনের সদস্য সচিব মুন্নি আক্তার প্রত্যাশা বলেন, দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতির কারণে মানুষ আইনের প্রতি আস্থা হারিয়েছে। তিনি প্রতিটি ঘটনার দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে তোলারাম কলেজ শাখার আহ্বায়ক রাইসা ইসলাম বলেন, “রামিসা হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি বিচারহীনতার সংস্কৃতির ভয়াবহ বহিঃপ্রকাশ। একের পর এক নির্যাতন ও হত্যার ঘটনা ঘটলেও অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। আমরা শুধু রামিসার জন্য নয়, প্রতিটি নির্যাতিত মানুষের ন্যায়বিচারের দাবিতে দাঁড়িয়েছি।”
তিনি আরও বলেন, অপরাধীদের রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিক পরিচয় নয়, অপরাধের ভিত্তিতেই বিচার নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন তোলারাম কলেজ শাখা এর আহ্বায়ক রাইসা ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সিয়াম সরকারের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি তাইরান আবাবিল রোজা, সদস্য সচিব প্রত্যাশা, সদস্য আবু তালহা, সিদ্ধিরগঞ্জ শাখার আহ্বায়ক শাহীন মৃধা, নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য সচিব তাহমিদ আনোয়ার, জেলা সহ-সাধারণ সম্পাদক মৌমিতা নূর, নারায়ণগঞ্জ কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক শেখ সাদী ও অপূর্ব রায়সহ অন্যান্য নেতাকর্মীরা।
জাগো সংবাদ/আরাফাত/রাকিব হোসাইন

