জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের আয়োজনে সাত দিনব্যাপী ‘৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের নিচতলায় অবস্থিত নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। তিনি বলেন, “যে দেশে জ্ঞানীর সম্মান হয় না, সে দেশে জ্ঞানীর জন্ম হয় না।” তিনি প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত-কে অনন্য প্রতিভার অধিকারী, জননন্দিত অভিনেতা ও বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর মতো গুণী ব্যক্তিত্বের উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষার্থীরা ভবিষ্যতে আবুল হায়াতের মতো দক্ষ ও সৃজনশীল নাট্যব্যক্তিত্ব হিসেবে নিজেদের গড়ে তুলবে।
উপাচার্য আরও বলেন, নাট্যকলা ও পরিবেশনা কেবল একটি শিল্পমাধ্যম নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সংস্কৃতিচর্চা। দক্ষ অভিনয়শিল্পী ও কলাকুশলীদের মাধ্যমে দেশীয় সংস্কৃতি বিশ্বদরবারে তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়। তিনি উৎসবের সার্বিক সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ইস্রাফীল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রফেসর ড. আরিফ হায়দার। স্বাগত বক্তব্য রাখেন নাট্যোৎসব আয়োজন কমিটির সদস্য-সচিব ও বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্যোৎসব আয়োজন কমিটির আহ্বায়ক ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইসমত আরা ভূঁইয়া ইলা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মামুন রেজা।
উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দেশের প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত-কে ‘নাট্যজন সম্মাননা’ প্রদান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন। সম্মাননা গ্রহণ করে আবেগাপ্লুত আবুল হায়াত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের স্বীকৃতি একজন শিল্পীর দায়িত্ব আরও বাড়িয়ে দেয় এবং ভবিষ্যতে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করে।
আয়োজকরা জানান, ১২ থেকে ১৮ জুলাই পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের জিয়া হায়দার ল্যাব (পুরাতন কলা ভবন)-এ মোট সাতটি নাটক মঞ্চস্থ হবে। নাট্যোৎসবটি বিভাগের ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরীক্ষার অংশ হিসেবে আয়োজন করা হয়েছে।
শাহমান মৈশান রচিত, সনজিত কুমার দের পরিকল্পনা ও নির্দেশনায়, ঢাকার ক্ষ্যাপাটে প্রযোজনা দল কর্তৃক নাটক ‘ভাষা অথবা প্রেমের রাজনৈতিক বিপর্যয়’ প্রথম দিন পরিবেশিত হবে। এরপর ধারাবাহিকভাবে জাফরিন হক তরুর পরিকল্পনা ও নির্দেশনায় মার্কণ্ডেয় পুরাণের ‘রক্তবীজ বধ’ কাহিনী এবং ঐতিহ্যবাহী কালিকাচের নাট্য আঙ্গিক অবলম্বনে নাটক ‘কালিকা’; লী ব্লেজিং রচিত, মোহাম্মদ মিজারুল কায়েসের অনুবাদ, সামিয়া সুলতানা চারুর পরিকল্পনা ও নির্দেশনায় নাটক ‘ইনডিপেন্ডেন্স’; ইয়াজো ইয়ামামাতো রচিত, প্রফেসর আব্দুস সেলিমের অনুবাদ, মো. শাহিন আলমের পরিকল্পনা ও নির্দেশনায় নাটক ‘একশ বস্তা চাল’; বার্টোল্ড ব্রেখট এর আসাদুজ্জামান নূর রূপান্তরিত, মো. শাকিল আহমেদের পরিকল্পনা ও নিদের্শনায় নাটক ‘দেওয়ান গাজীর কিসসা’; শওকত ওসমান রচিত, হাবিবা আক্তার পিংকির পরিকল্পনা ও নির্দেশনায় নাটক ‘ক্রীতদাসের হাসি’ এবং সবশেষে সাদাত হাসান মান্টোর, তুষার রায়ের নাট্যরূপ, রাজা দের পরিচালনা ও নির্দেশনায় ভারতের পশ্চিমবঙ্গের কাঁকিনাড়া প্রযোজনা দলের পরিবেশনায় নাটক ‘পঞ্চমীর চাঁদ’ পরিবেশিত হওয়ার মধ্য দিয়ে শেষ হবে চতুর্থ আন্তর্জাতিক নাট্যোৎসব- ২০২৬।
জাগো সংবাদ/আরাফাত

জাগো সংবাদ ডেস্ক
প্রকাশের সময়: Monday, 13 July, 2026 । 1:20 pm