শরীয়তপুরের গোসাইরহাটে শিক্ষা কর্মকর্তার ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: Monday, 13 July, 2026 । 10:45 am

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককের বিরুদ্ধে কুড়াল দিয়ে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শাকিল আহমেদের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরে হামলায় আহত ওই শিক্ষা কর্মকর্তাকে সহকর্মীরা উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

রোববার (১২ জুলাই) দুপুরে গোসাইরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আলাওলপুর ইউনিয়নের উত্তর চর জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বি এম জসিম রেইনকোট, মুখে মাস্ক ও চোখে সানগ্লাস পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করেন। কিছুক্ষণ পর তিনি সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে কুড়াল বের করে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শাকিল আহমেদের ওপর অতর্কিত হামলা চালান।

হামলার সময় কার্যালয়ে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত এগিয়ে এসে অভিযুক্তকে আটক করেন। পরে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। খবর পেয়ে গোসাইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেয়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অভিযুক্ত শিক্ষককে অসংলগ্নভাবে কথা বলতে দেখা যায়। ভিডিওতে তিনি বলেন, “আমি সকালে টাইগার খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি। এরপর কী হয়েছে, আমি জানি না।”

আহত সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ বলেন, “অভিযুক্ত শিক্ষকের বিভিন্ন অনিয়ম নিয়ে আমি একাধিকবার সতর্ক করেছিলাম এবং তাকে জবাবদিহির আওতায় আনার উদ্যোগ নিয়েছিলাম। এর জের ধরেই তিনি পরিকল্পিতভাবে মুখ ঢেকে আমার কার্যালয়ে এসে কুড়াল দিয়ে হামলা চালিয়েছেন। সহকর্মীরা দ্রুত এগিয়ে না এলে আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারত।”

তিনি আরো জানান, ঘটনার পর তিনি থানায় অবস্থান করছেন এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, “অভিযুক্ত শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জাগো সংবাদ/আরাফাত

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন