মাদারীপুরে পুলিশ হেফাজত থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার: বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন

সিনিয়র রিপোর্টার, মাদারীপুর
প্রকাশের সময়: Saturday, 11 July, 2026 । 6:14 pm

মাদারীপুরে পুলিশ হেফাজত থেকে এসএস পাইপ ভেঙে পালিয়ে যাওয়া নারী আসামি হাসিনাকে (৩৬) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ।

আজ ১১ জুলাই ২০২৬ তারিখ ভোর ৬টা ১৫ মিনিটের দিকে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার জিয়ানগর ৪ নম্বর গলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​এই ঘটনায় আজ বিকেল ৩ ঘটিকায় একটি সংবাদ সম্মেলন করেন মাদারীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা। সংবাদ সম্মেলনে তিনি গ্রেপ্তারের বিস্তারিত প্রক্রিয়া ও ঘটনার প্রেক্ষাপট তুলে ধরেন।

​মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে দেওয়া প্রেস রিলিজ অনুযায়ী, গত ৯ জুলাই ২০২৬ তারিখে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে হাসিনাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। মাদারীপুর সদর মডেল থানার মূল ভবন ভেঙে ফেলায় এবং অস্থায়ী হাজতখানা না থাকায়, তাকে অস্থায়ী থানার নিচতলার জুনিয়র সেরেনস্তায় কঠোর পাহারায় রাখা হয়েছিল।

​পরবর্তীতে, ১০ জুলাই রাত ১২টা ৩০ মিনিটের দিকে আসামি হাসিনা বারান্দার তিনটি এসএস পাইপ কৌশলে ভেঙে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান। এই ঘটনায় তার বিরুদ্ধে পেনাল কোড আইনের ২২৪ ও ৪২৭ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

​অভিযান পরিচালনাকারী দলের মধ্যে ছিলেন মাদারীপুর সদর মডেল থানার চৌকস টিম এবং র‍্যাব-৮ মাদারীপুরের একটি দল। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার নির্দেশনা এবং মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় এই অভিযান সফল হয়।

 

জাগো সংবাদ/আরাফাত/এসএম তানবীর

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন