নিখোঁজের একদিন পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশের সময়: Saturday, 11 July, 2026 । 5:40 pm

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের কিসমত তেওয়ারীগাঁও গ্রামে নিখোঁজ হওয়ার একদিন পর কলেজ রায় (৩৫) নামে এক যুবকের মরদেহ ঢেপা নদী থেকে উদ্ধার করা হয়েছে। তিনি ওই গ্রামের বুধারু রায়ের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ১১টার দিকে কলেজ রায় কোদাল নিয়ে বাড়ির পাশের মাঠে কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

পরদিন শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন ঢেপা নদীতে কয়েক ঘণ্টা তল্লাশি চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করেন। পরে ভেলায় করে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

নিহতের ছেলে সরজিদ জানান, দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর ঢেপা নদী থেকে তাঁর বাবার মরদেহ উদ্ধার করা হয়েছে।

গড়েয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বেলাল হোসেন রেনু জানান, নিখোঁজ হওয়ার পর স্থানীয়রা বিভিন্ন স্থানে ব্যাপক খোঁজাখুঁজি চালান। পরদিন ঢেপা নদীতে তল্লাশি চালিয়ে কলেজ রায়ের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

 

জাগো সংবাদ/আরাফাত/মাসুদ রোহান

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন