চট্টগ্রামের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে। টিনে পা কেটে আহত হওয়ার পর চিকিৎসা নিতে এসে প্রায় ছয় ঘণ্টা হাসপাতালে কাটাতে হয়েছে এক ব্যক্তিকে। এ সময় ভুল সেলাইয়ের অভিযোগে প্রথম দফার সেলাই খুলে পুনরায় সেলাই করা হয় বলে দাবি করেছেন তিনি।
রোববার (৬ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোশারফ মিরসরাই উপজেলার পূর্ব ইছাখালী এলাকার বাসিন্দা।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, টিনে পা কেটে গেলে বিকেল ৪টার দিকে তিনি মস্তাননগরে অবস্থিত মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিতে যান। তবে দীর্ঘ সময় অপেক্ষার পরও কোনো চিকিৎসক তার চিকিৎসাকে গুরুত্ব দেননি। পরে একজন চিকিৎসকের নির্দেশে একজন সহকারী তার ক্ষতস্থানে সেলাই করেন। কিন্তু চিকিৎসক পরে এসে সেলাইয়ে ত্রুটি দেখতে পেয়ে আগের সেলাই কেটে পুনরায় সেলাই করেন। সব মিলিয়ে দুই দফায় ১৫টি সেলাই শেষে রাত ১০টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
মোশারফ বলেন, “বিকেল ৪টায় হাসপাতালে আসার পর দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। প্রথমে যে সেলাই করা হয়েছিল, পরে ডাক্তার এসে সেটি ভুল হয়েছে বলে খুলে আবার নতুন করে সেলাই করেন। রাত ১০টার পর বাড়ি ফিরতে পেরেছি।”
ভুক্তভোগীর সঙ্গে হাসপাতালে যাওয়া ফারুক অভিযোগ করে বলেন, “চিকিৎসকদের অবহেলার কারণে রোগীদের অযথা দুর্ভোগ পোহাতে হচ্ছে। হাসপাতালের সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।”
অভিযোগের বিষয়ে জানতে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
তবে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা সংযোজন করে প্রতিবেদনটি হালনাগাদ করা হবে।
জাগো সংবাদ/আরাফাত/নূর হোসেন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশের সময়: Monday, 6 July, 2026 । 8:56 pm