মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) মার্কিন প্রেসিডেন্টকে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় তিনি যুক্তরাষ্ট্রের জনগণকে আন্তরিক অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সরকার, জনগণ এবং তাঁর নিজের পক্ষ থেকে তিনি প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন জনগণকে ২৫০তম স্বাধীনতা দিবসের এই ঐতিহাসিক মাইলফলক উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বাস্তববাদী নেতৃত্বে যুক্তরাষ্ট্র আগামী দিনগুলোতে আরও সমৃদ্ধি ও মহানতার পথে এগিয়ে যাবে।
প্রধানমন্ত্রী তাঁর বার্তায় উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের ইতিহাস আমেরিকান স্বপ্ন, ত্যাগ, স্বাধীনতা, মূল্যবোধ, ঐতিহ্য ও নৈতিকতার এক অনন্য দৃষ্টান্ত। একই সঙ্গে বিশ্বজুড়ে মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে যুক্তরাষ্ট্রের অবদানেরও প্রশংসা করেন তিনি।
চিঠিতে প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্র দেশটির গণতান্ত্রিক ও উন্নয়ন যাত্রায় একটি মূল্যবান বন্ধু এবং গুরুত্বপূর্ণ অংশীদার। গত পাঁচ দশকে দুই দেশের সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা এবং মানুষে-মানুষে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে শক্তিশালী ও বহুমাত্রিক অংশীদারত্বে পরিণত হয়েছে।
তিনি উল্লেখ করেন, চলতি বছরের শুরু থেকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির মধ্য দিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন ও উদারতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমান অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার ও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন।
শুভেচ্ছাবার্তার শেষাংশে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য কামনা করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জনগণের শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করেন প্রধানমন্ত্রী।
জাগো সংবাদ/আরাফাত

জাগো সংবাদ ডেস্ক
প্রকাশের সময়: Saturday, 4 July, 2026 । 9:56 pm