বিশ্বকাপের শেষ বত্রিশের সব ম্যাচ শেষ হওয়ার পর চূড়ান্ত হয়েছে নকআউট পর্বের শেষ ষোলোর সূচি। কলম্বিয়া-ঘানা ম্যাচ শেষে নির্ধারিত হয় শেষ ষোলোর সব ম্যাচের লাইনআপ। এবার শিরোপার লড়াইয়ে টিকে থাকতে হলে লিওনেল মেসির আর্জেন্টিনাকে খেলতে হবে মিসরের বিপক্ষে, আর ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে।
শেষ বত্রিশে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের সবচেয়ে বেশি নজর ছিল মায়ামিতে অনুষ্ঠিত আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচে। রুদ্ধশ্বাস লড়াইয়ে নবাগত কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর আগে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে মিসর, যারা এখন আর্জেন্টিনার প্রতিপক্ষ।
এবারের বিশ্বকাপে শেষ বত্রিশ পর্বেই দেখা গেছে একের পর এক অঘটন। জার্মানি-প্যারাগুয়ে, মরক্কো-নেদারল্যান্ডস এবং অস্ট্রেলিয়া-মিসর—এই তিনটি ম্যাচের নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। বিশেষ করে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের শেষ ষোলোয় ওঠা টুর্নামেন্টের অন্যতম বড় চমক হিসেবে বিবেচিত হচ্ছে।
শেষ ষোলোর লড়াই শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ১১টায় হিউস্টনে কানাডা ও মরক্কোর ম্যাচ দিয়ে। এরপর রাত ৩টায় ফিলাডেলফিয়ায় মুখোমুখি হবে ফ্রান্স ও প্যারাগুয়ে।
ব্রাজিল তাদের শেষ ষোলোর ম্যাচ খেলবে আগামীকাল রোববার দিবাগত রাত ২টায় নিউজার্সিতে নরওয়ের বিপক্ষে। অন্যদিকে আর্জেন্টিনা মাঠে নামবে ৭ জুলাই আটলান্টায় মিসরের বিপক্ষে। একই দিনে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে শেষ ষোলোর পর্ব। এছাড়া ৬ জুলাই ডালাসে বাংলাদেশ সময় রাত ১টায় স্পেন ও পর্তুগালের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ নিয়েও ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।
শেষ ষোলোর পর একদিন বিরতি দিয়ে ৯ থেকে ১২ জুলাই অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল। ড্র অনুযায়ী শেষ আটে ব্রাজিল ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। তবে দুই দলই নিজেদের ম্যাচ জিততে পারলে ১৫ জুলাই আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে দেখা হতে পারে লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হতে যাওয়া সম্ভাব্য সেই ম্যাচ ঘিরে ইতোমধ্যেই বাড়তে শুরু করেছে সমর্থকদের উন্মাদনা।
এর আগে ১৪ জুলাই ডালাসে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল। আর বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউজার্সিতে।
জাগো সংবাদ/আরাফাত

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: Saturday, 4 July, 2026 । 2:00 pm