মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীর গুমে জড়িত থাকার অভিযোগে সাবেক এএসপি গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশের সময়: Friday, 3 July, 2026 । 10:09 pm

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এসে ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে গুম হওয়া পিরোজপুরের জিয়ানগর উপজেলার বাসিন্দা সুখরঞ্জন বালীর গুম হওয়ার ঘটনায় জড়িত এক পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৩ জুলাই) দুপুর পৌনে ১২টায় ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

শফিকুল ইসলাম বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সংঘঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাতের সাবেক নায়েবে আমীর ও পিরোজপুর- ১ আসনের সাবেক সংসদ সদস্য জিয়ানগর উপজেলার সন্তান মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে ট্রাইবুনাল এলাকা থেকে গুমের ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম ফজলুর রহমান। তিনি সহকারী পুলিশ সুপার পদের সাবেক একজন কর্মকর্তা। তাকে বৃহস্পতিবার রাতে ঢাকায় তার বাসা থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাফাই সাক্ষ্য দিতে গিয়ে ২০১২ সালের ৫ নভেম্বর ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহরণের শিকার হন পিরোজপুরের জিয়ানগরের এলাকার সুখরঞ্জন বালী। পরে তাকে ভারতে খুঁজে পাওয়া যায় এবং দেশটির একটি কারাগারে তিনি পাঁচ বছর কারাগারে ছিলেন।

 

জাগো সংবাদ/আরাফাত/জে আই লাভলু

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন