নওগাঁর রাণীনগরে গ্রামীণ রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্মাণ করার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাস্তা দিয়ে চলাচলকারী প্রায় শতাধিক পরিবার চরম ভোগান্তিতে পড়েছে। আওয়ামী ওই পরিবারের বিরুদ্ধে এমন অবৈধ কাজের প্রতিবাদ করায় হয়রানির শিকার হচ্ছে প্রতিবেশীরা। বর্তমানে কাজ বন্ধ থাকলেও ওই গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে।
গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ আওয়ামী লীগের দাপুটে নেতা মজিবর রহমান টিকাদার ওরফে বাবুকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে। এজাহার সূত্রে ও স্থানীয়দের অভিযোগের মাধ্যমে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের খট্টেশ্বর পশ্চিমপাড়ায় (তুলাপট্টিপাড়া) প্রবেশের একমাত্র গ্রামীণ সরু রাস্তাটিতে ইট বিছানো রয়েছে। সম্প্রতি রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করে ওই গ্রামের মৃত মবেশ আলী টিকাদারের ছেলে আ’লীগ নেতা মজিবর রহমান টিকাদার। এমন কাজে বাধা দিলে মজিবর ও তার পরিবারের সদস্যরা প্রতিবাদকারীদের উপর হামলা চালায়। এতে পার্শ্ববর্তী মোজাফ্ফর হোসেন, তার স্ত্রী জলি বিবি ও ছেলের বউ শ্রাবণী আক্তার গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযোগ রয়েছে, মারপিটের সময় কৌশল করে আহত মহিলাদের শরীর থেকে আনুমানিক ৭৫ হাজার টাকা মূল্যের সোনার গহনা ছিনিয়ে নেওয়া হয়। পরবর্তীতে মোজাফ্ফরের ছেলে জুয়েল বাদী হয়ে থানায় এজাহার দায়ের করলে পুলিশ মজিবর রহমানকে আটক করে। এরপর থেকে মজিবরের স্ত্রী এছেনা বিবি ও অন্য সদস্যরা প্রতিবেশীদের লক্ষ্য করে গালমন্দ করায় সেখানে উত্তেজনাকর পরিবেশ বিরাজ করছে। বিষয়টি প্রশাসনকে জানালে তারা সরেজমিনে পরিদর্শন করে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে সমাধানের নির্দেশনা দিলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি।
স্থানীয় বাসিন্দা বকুল, আ: মান্নান, আজাদ, ইয়াদুলসহ অনেকেই বলেন, মজিবর ও তার পরিবারের লোকজন জোরপূর্বক সরকারি রাস্তার ইট তুলে জায়গা দখল করে প্রাচীর নির্মাণ করছে। এতে ছোট রাস্তাটি আরও সরু হয়ে আসছে। বাধা দিলে তারা খুন-জখম ও মারপিটের হুমকি দিচ্ছে। গ্রামবাসীরা এই পরিবারের সকলকে আইনের আওতায় আনতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি জানান, মজিবরের পরিবারের সঙ্গে গ্রামের কারও সুসম্পর্ক নেই। সরেজমিনে গিয়ে প্রাচীর নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটিই চূড়ান্ত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান, বিষয়টি জেনে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরও যদি সমস্যার সমাধান না হয়, তবে দ্রুতই সরেজমিনে গিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জাগো সংবাদ/আরাফাত/রায়হানুল হক

নওগাঁ সংবাদদাতা
প্রকাশের সময়: Friday, 3 July, 2026 । 9:12 pm