বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস। শক্তিশালী প্রতিপক্ষকে ঘিরে কোনো ভীতি নয়, বরং সাহসী ও আক্রমণাত্মক ফুটবল খেলেই আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানাতে চায় বিশ্বকাপে অভিষেক হওয়া দলটি।
শনিবার রাত ৪টায় আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে কেপ ভার্দে। বিশ্বমঞ্চে প্রথমবার অংশ নিয়েই শেষ ৩২-এ উঠে আসা দলটির সামনে এখন সবচেয়ে বড় পরীক্ষা। তবে দলটির বিশ্বাস, নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারলে যেকোনো প্রতিপক্ষের বিপক্ষেই লড়াই করা সম্ভব।
সংবাদ সংস্থা ইনফোপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে জোসে মারিয়া নেভেস বলেন, “আমাদের দল পরিচিত শক্তি ও মানসিকতা নিয়েই খেলবে। আর্জেন্টিনার বিপক্ষে আমাদের কোনো ভয় নেই। আমরা একই বিশ্বাস, একই আশা, একই শক্তি, একই প্রতিশ্রুতি এবং একই দৃঢ়তা নিয়ে খেলব, যেটা দিয়ে আমরা কেপ ভার্দেকে গড়ে তুলেছি।”
তিনি আরও বলেন, “পরিসংখ্যান বা সম্ভাবনার হিসাব আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। মাঠে নিজেদের সামর্থ্য প্রমাণ করাই আসল লক্ষ্য। এই টুর্নামেন্টে কেপ ভার্দের আসল কাজই হচ্ছে বড় দলগুলোর মুখোমুখি হওয়া।”
স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করা গোলরক্ষক ভোজনহার প্রশংসাও করেন দেশটির প্রেসিডেন্ট। তার ভাষায়, “আর্জেন্টিনার বিপক্ষে যেকোনো ফলাফলই হোক, কেপ ভার্দে ইতোমধ্যেই নিজেদের বিশ্বকাপ জয় করে ফেলেছে। এই সাফল্য শুধু ফুটবলে নয়, দেশের সামগ্রিক উন্নয়নের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।”
বিশ্বকাপের গ্রুপ পর্বে স্পেনকে রুখে দিয়ে চমক দেখায় কেপ ভার্দে। এরপর উরুগুয়ে ও সৌদির বিপক্ষেও ইতিবাচক ফল করে নকআউট পর্ব নিশ্চিত করে অভিষিক্ত দলটি। এবার তাদের লক্ষ্য বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে আরও এক ধাপ এগিয়ে যাওয়া।
জাগো সংবাদ/আরাফাত আলী

জাগো সংবাদ ডেস্ক
প্রকাশের সময়: Friday, 3 July, 2026 । 8:46 pm