পূর্ব শত্রুতার জেরে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ, তদন্ত ও বিচার দাবি

আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
প্রকাশের সময়: Monday, 29 June, 2026 । 1:29 pm

বগুড়ার আদমদীঘী উপজেলার ছাতিয়ানগ্রাম চৌধুরীপাড়ায় পূর্ব শত্রুতা ও একটি শালিশে সাক্ষ্য দেওয়াকে কেন্দ্র করে বসতঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ছাতিয়ানগ্রাম চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা মোছাঃ কুলছুম (৪০), স্বামী মোঃ মাসুদ অভিযোগ করেন, গত ২৭ জুন ২০২৬ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে পূর্ব শত্রুতার জের এবং অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার মোঃ আরাফাত (২০), মোঃ রাবিক (৩২), মোছাঃ বিলকিস (৪৮) ও সিরাজুল (৪৮) তার বসতঘরের জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, আগুনে ঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে প্রায় ৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরে স্থানীয় গ্রামবাসীরা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় মোঃ শরিফা, মোঃ নিমা ছাড়াও স্থানীয় আরও কয়েকজন ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী মোছাঃ কুলছুম বলেন, “পূর্ব শত্রুতার জের ও সাক্ষী দেওয়ার কারণে পরিকল্পিতভাবে আমার ঘরে আগুন দেওয়া হয়েছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। অভিযুক্তরা যে কোনো সময় আরও বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছি।”

এ ঘটনায় ভুক্তভোগী তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আদমদিঘী থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান বলেন,এ বিষয়ে লিখত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

জাগো সংবাদ/আরাফাত/এনামুল

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন