খুলনায় কাস্টম ঘাট থেকে পিরোজপুরের জিয়ানগরের একটি স্টিল বডি ট্রলারসহ দুই শ্রমিককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।।
গত ২৪ জুন রাত আনুমানিক ৩টার দিকে রুপসা ১ নং কাস্টম ঘাট থেকে ট্রলার সহ শ্রমিকদের অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার একদিন পর ট্রলারটি উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ রয়েছেন ট্রলারে থাকা ২ শ্রমিক। এখন পর্যন্ত তারা উদ্ধার না হওয়ায় উৎকন্ঠায় রয়েছেন পরিবারের সদস্যরা।
জানা যায়, খুলনা ইট-বালি নৌ পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের বাসিন্দা আলহাজ্ব আব্দুল গনি শেখের একটি ইঞ্জিনচালিত বোর্ড (নৌযান) থেকে উপজেলার বালিপাড়া বটতলা এলাকার মোঃ খলিল হাওলাদার (৩০), এবং নৌযানের মাঝি মামুন রহস্যজনকভাবে নিখোঁজ হন। পরিবারের দাবি, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাদেরকে অপহরণ করেছে।
নিখোঁজ খলিল হাওলাদারের ব্যবহৃত মোবাইল নম্বর ০১৯৩০৪০১১৯৪ এবং মাঝি মামুনের মোবাইল নম্বর ০১৭১০৯৭৫১৩০ দীর্ঘ সময় ধরে বন্ধ পাওয়া যাচ্ছে বলে স্বজনরা জানান।
ঘটনার পর খুলনা মেট্রোপলিটন পুলিশ, নৌ পুলিশ এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ তৎপরতায় অপহৃতদের বহনকারী বোর্ডটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলেও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তবে এখন পর্যন্ত অপহৃত দুই ব্যক্তির কোনো সন্ধান মেলেনি।
এ বিষয়ে রূপসা থানা, খুলনা সদর থানা এবং নৌ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তারা জানান, নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
এদিকে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় চাঁদা আদায় করে আসছিল। চাঁদা না পেয়ে বা অন্য কোনো উদ্দেশ্যে এই অপহরণের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে তাদের সন্দেহ। অপহৃতদের জীবনের নিরাপত্তা নিয়ে পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
স্থানীয় শ্রমিক নেতারা দ্রুত অপহৃতদের উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা বলেন, নৌপথে এমন অপহরণের ঘটনা শ্রমিকদের মধ্যে ভীতি সৃষ্টি করেছে এবং নৌ পরিবহন খাতের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অপহৃত দুই ব্যক্তিকে দ্রুত উদ্ধারের জন্য জোড় দাবি জানান খুলনা ইট-বালি নৌ পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা আলহাজ্ব গনি সেখ।
জাগো সংবাদ/আরাফাত/লাভলু

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশের সময়: Saturday, 27 June, 2026 । 9:25 pm