তারাগঞ্জের বহুল আলোচিত সানজিদা হত্যা মামলায় এক যুবককে আটক করেছে পুলিশ

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশের সময়: Tuesday, 23 June, 2026 । 1:14 pm

রংপুরের তারাগঞ্জের বহুল আলোচিত সানজিদা হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মোঃ মুজাহিদ ইসলাম (১৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভীমপুর কোরানিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত মুজাহিদ ওই এলাকার মোঃ সেকেন্দার আলী ও মোছাঃ মাহমুদা দম্পতির ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সানজিদা হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর থেকেই ঘটনার নেপথ্যের কারণ ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তারাগঞ্জ থানা পুলিশের একটি দল ভীমপুর কোরানিপাড়ায় অভিযান চালায়। অভিযানকালে মুজাহিদকে তার নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আলোচিত এই হত্যাকাণ্ডের সাথে আটককৃত যুবকের কোনো ধরনের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই তাকে হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করতে অনীহা প্রকাশ করেছে পুলিশ। তবে জিজ্ঞাসাবাদ শেষে এই বিষয়ে পরবর্তীতে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

এদিকে মুজাহিদকে আটকের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুততম সময়ের মধ্যে সানজিদা হত্যাকাণ্ডের মূল আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

 

জাগো সংবাদ/আরাফাত/নয়ন

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন