‎পেকুয়া হাসপাতালে ডায়াবেটিস রোগীদের জন্য জরুরি ওষুধ হস্তান্তর

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশের সময়: Monday, 22 June, 2026 । 12:06 am

‎সমাজের অসচ্ছল, প্রান্তিক ও চিকিৎসাসেবাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সহায়তায় দুস্থ ডায়াবেটিস রোগীদের জন্য জরুরি ওষুধ হস্তান্তর করেছেন পেকুয়া জনকল্যাণ পরিষদ চট্টগ্রাম।

‎রোববার (২১ জুন) দুপুর ১২টায় পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবর রহমানের হাতে এসব ওষুধ তুলে দেওয়া হয়। পরবর্তীতে হাসপাতালের মাধ্যমে চিকিৎসাধীন দরিদ্র ও অসহায় ডায়াবেটিস রোগীদের মাঝে এসব ওষুধ বিতরণ করা হবে।

‎মানবিক সহায়তার অংশ হিসেবে এ কার্যক্রমের আওতায় ১০ হাজার পিস Metformin 500 mg এবং ২ হাজার ৫০০ পিস Gliclazide 80 mg ট্যাবলেট প্রদান করা হয়। ডায়াবেটিস রোগীদের নিয়মিত চিকিৎসা ও ওষুধ গ্রহণ নিশ্চিত করতে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

‎সংগঠনের পক্ষে ওষুধ হস্তান্তর করেন, পেকুয়া জনকল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি এ জে এম গিয়াসুদ্দিন চৌধুরী, সহ-সভাপতি মোর্শেদ জাফর ও আরিফ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লায়ন নুরুল আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম সোহাইল ও ইলিয়াছ চৌধুরী এবং ট্রেজারার মোহাম্মদ সাজ্জাদুল হক।

‎এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছফওয়ানুল করিম এবং পেকুয়া থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান,পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আবদুল্লাহ আনসারী।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল রোগে পরিণত হয়েছে। অনেক নিম্নআয়ের মানুষ নিয়মিত ওষুধ ক্রয় করতে না পেরে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। এমন বাস্তবতায় সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোর এগিয়ে আসা অত্যন্ত প্রয়োজন।

‎পেকুয়া জনকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ জানান, মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংগঠনটি দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, দুর্যোগকালীন সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে।

‎তারা আশা প্রকাশ করেন, সমাজের সক্ষম ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো মানবিক কাজে এগিয়ে এলে অসহায় মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে এবং একটি সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে উঠবে।

 

 

 

জাগো সংবাদ/আরাফাত/এইচএমএস 

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন