কমলনগরে নারী নির্যাতনের ঘটনায় পুলিশের অভিযানে অগ্রগতি নেই, আতঙ্কে ভুক্তভোগী পরিবার

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশের সময়: Thursday, 18 June, 2026 । 12:36 pm

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় এক গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা ও তার দুই শিশুসন্তানকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় মামলা দায়েরের দেড় মাস পেরিয়ে গেলেও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার। একই সঙ্গে আসামিদের গ্রেফতারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় স্থানীয়দের মধ্যেও ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার চর কাদিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খলিল ডাকাত ওরফে খল্লা ডাকাত (৪০) এবং মো. রাজু ডাকাত (২৮)-কে আসামি করে গত ১০ মে কমলনগর থানায় একটি নিয়মিত মামলা (নং-০৮) দায়ের করা হয়। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩) এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় রুজু করা হলেও এখনো কোনো আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রের অভিযোগ, ঘটনার পর থেকে আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা না করলেও তাদের স্বজনদের মাধ্যমে ভুক্তভোগী পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে চাপ ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এতে পরিবারটির সদস্যরা আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন।

ভুক্তভোগী গৃহবধূ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “মামলা করার পর অনেক সময় পার হয়ে গেছে। আমার স্বামী প্রবাসে থাকেন। ছোট দুই সন্তানকে নিয়ে আমি চরম ভয়ের মধ্যে আছি। আসামিরা গ্রেফতার না হওয়ায় তাদের স্বজনরা আমাদের ভয়ভীতি দেখাচ্ছে এবং মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। আমি প্রশাসনের কাছে আমার সন্তানদের নিরাপত্তা এবং আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।”

ঘটনার বিবরণে জানা যায়, গত ১৭ এপ্রিল গভীর রাতে উপজেলার চর কাদিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ সময় গৃহবধূর ১০ বছর বয়সী কন্যা ও ৫ বছর বয়সী পুত্রের গলায় ধারালো ছুরি ঠেকিয়ে তাদের জিম্মি করা হয়। সন্তানদের হত্যার ভয় দেখিয়ে প্রধান আসামি খলিল ডাকাত ওরফে খল্লা ডাকাত ওই গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা চালায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে ভুক্তভোগীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে খলিল ডাকাত ও রাজু ডাকাতকে আটক করেন। তবে পরবর্তীতে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়ে তাদের স্বজনরা আটককৃতদের নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। পরে কোনো সমাধান না হওয়ায় ভুক্তভোগী নারী আইনি আশ্রয় নেন।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও আসামিদের গ্রেফতার করা না হওয়ায় ভুক্তভোগী পরিবার চরম মানসিক চাপে রয়েছে। তারা দ্রুত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে কমলনগর থানার সঙ্গে যোগাযোগ করা হলে পুলিশ জানায়, আসামিদের গ্রেফতারে তাদের কোনো অবহেলা নেই। ঘটনার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছে এবং ঘন ঘন অবস্থান পরিবর্তন করছে। তাদের অবস্থান শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান ও আধুনিক প্রযুক্তির ব্যবহার অব্যাহত রয়েছে।

এদিকে, অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

 

জাগো সংবাদ/এমএএ/জাকির হোসেন

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন