৩ সরকারের আমলেও শেষ হয়নি জোরারগঞ্জ-আবুরহাট সড়কের উন্নয়ন কাজ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশের সময়: Wednesday, 17 June, 2026 । 5:27 pm

চট্টগ্রামের মীরসরাই উপজেলার উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ জোরারগঞ্জ-আবুরহাট সড়কের উন্নয়ন কাজ শুরু হওয়ার প্রায় ৫ বছর পেরিয়ে গেলেও এখনো সম্পন্ন হয়নি। ফলে উপজেলার ইছাখালী, কাটাছরা ও আশপাশের কয়েকটি ইউনিয়নের প্রায় অর্ধলক্ষ মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের মধ্যে চলাচল করছেন। ইতোমধ্যে আওয়ামী লীগের দুই এমপি, অর্ন্তবর্তী সরকার এবং বিএনপির শাসনামল এলেও ৫ বছরে শেষ হয়নি সড়কের কার্পেটিং কাজ। জনমনে প্রশ্ন, এই সংকটের আদৌ সমাধান হবে কি না। তবে বর্তমান সংসদ সদস্য নুরুল আমিন এমপি সমস্যা সমাধানের জন্য সড়কটি পরিদর্শন করে দ্রুত কাজ শেষ করার উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, ২০২২ সালে সড়কটির উন্নয়ন কাজ শুরু হলেও বিভিন্ন জটিলতায় কাজ বারবার বন্ধ হয়ে যায়। প্রথম ঠিকাদার বিটুমিনের মূল্য বৃদ্ধির অজুহাতে কাজ ধীরগতিতে পরিচালনা করেন। পরবর্তীতে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে ব্যর্থ হওয়ায় তার কার্যাদেশ বাতিল করা হয়। পরে পুনরায় টেন্ডারের মাধ্যমে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হলেও সড়কের কাজ এখনো অসমাপ্ত অবস্থায় রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পশ্চিম গোপিনাথপুর এলাকায় খাল খননের ফলে সড়কের কিছু অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সেখানে রিটেইনিং ওয়াল নির্মাণের প্রয়োজন দেখা দেওয়ায় কাজ আরও বিলম্বিত হয়। বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে গর্ত, কাদা ও পানি জমে থাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে।

নিয়মিত চলাচলকারী শিক্ষক সুবাস সরকার বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের অপেক্ষায় রয়েছে। খালপাড়ের ঝুঁকিপূর্ণ অংশে প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় কাজ শেষ করা সম্ভব হয়নি।

অন্যদিকে তেমুহানি মাদ্রসার প্রিন্সিপাল মাওলানা জমির উদ্দিন বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ, শিক্ষার্থী ও কর্মজীবী যাতায়াত করেন। কিন্তু বছরের পর বছর ধরে তারা দুর্ভোগ পোহাচ্ছেন।

এ বিষয়ে বর্তমান ঠিকাদার কেফায়েত হোসেন দুলালের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো কল রিসিভ করেননি।

এ বিষয়ে মীরসরাই উপজেলা প্রকৌশলী দিদারুল আলম জানান, বর্তমান ঠিকাদারকে একাধিকবার নোটিশ দেওয়ার পরও কাজের অগ্রগতি না হওয়ায় কার্যাদেশ বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি তার ব্যাংক হিসাব জব্দের জন্যও পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী এক বছরের মধ্যে সড়কের উন্নয়ন কাজ শেষ করা সম্ভব হবে এবং দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটবে।

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন