”সমাজ ভালো থাকলে ভালো থাকবে দেশ। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সমাজের সকল অপকর্ম থেকে দূরে রাখা সম্ভব। মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে তাদেরকে খেলাধুলায় বেশি বেশি সম্পৃক্ত রাখতে হবে। পড়াশুনার পাশাপাশি ছেলে মেয়েরা যাতে খেলাধুলায় সম্পৃক্ত থাকতে পারে সেজন্য প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম এবং প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের।” শনিবার রাত ৯ টার দিকে রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ‘ব্রাদারহুড প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট’ ২০২৬ এর ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন নওগাঁ-৬, (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু (এমপি)।
এসময় সভাপতির স্বাগত বক্তব্যে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান (ইউএনও) বলেন, যুবসমাজকে মাদক থেকে বিরত রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। তিনি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে এধরনের আয়োজন আগামীদিনেও যেন অব্যাহত থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
রাণীনগর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল এর সঞ্চালনায় এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ এছাহক আলী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোসারব হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাখাওয়াত হোসেন, রাণীনগর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক নয়ন খান লুলু , দপ্তর সম্পাদক আফতাবুল আলম মিঠু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল ও ১নং খট্টেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আইন উদ্দিন।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকারিয়া মন্ডল, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান মৃধা, রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা, রাণীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহামুদ হাসান বেলালসহ প্রমূখ।
খেলাশেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয় এবং উভয় দলের সকল খেলোয়াড়কে একটি করে ক্রেস্ট প্রদান করা হয়।
জাগো সংবাদ/আরাফাত/রায়হানুল হক

নওগাঁ সংবাদদাতা
প্রকাশের সময়: Sunday, 31 May, 2026 । 12:31 pm