ইনসাফ ও জনসেবাকে প্রাধান্য দিতে হবে: এমপি বীথিকা

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশের সময়: Saturday, 30 May, 2026 । 8:17 pm

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন বলেছেন, জনগণের অধিকার ও প্রাপ্য নিশ্চিত করা এবং জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার মাধ্যমেই প্রকৃত উন্নয়ন সম্ভব। ব্যক্তিগত আর্থ-সামাজিক উন্নয়ন করা যেতে পারে, তবে কোনো অবস্থাতেই জনগণের হক নষ্ট করা যাবে না।

শুক্রবার সকালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার প্রধান সড়ক ও বিভিন্ন বাজার এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এমপি বীথিকা বলেন, জনগণের কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, জনগণের প্রাপ্য ও অধিকারের বিষয়ে সর্বোচ্চ সচেতন থাকার জন্য সরকার বারবার গুরুত্বারোপ করছে। তাই সরকারি বরাদ্দ ও সুযোগ-সুবিধা যথাযথভাবে জনগণের কল্যাণে ব্যয় নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ব্যবসা-বাণিজ্য বা অন্যান্য বৈধ কর্মকাণ্ডের মাধ্যমে ব্যক্তিগত অর্থনৈতিক উন্নয়ন করা স্বাভাবিক বিষয়। তবে জনগণের জন্য বরাদ্দকৃত সরকারি সম্পদ বা সুবিধা কোনোভাবেই ব্যক্তিস্বার্থে ব্যবহার করা যাবে না। জনগণের কল্যাণে বরাদ্দকৃত প্রতিটি সম্পদ তাদের জীবনমান উন্নয়নে কাজে লাগাতে হবে।

নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়েও গুরুত্বারোপ করে তিনি বলেন, নারীদের সচেতনতা বৃদ্ধি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বাড়াতে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনে নারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক মহিলা মেম্বার ও কমলনগর উপজেলার সংরক্ষিত সদস্য ফয়জুন নেছা, কমলনগর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক জামাল উদ্দিন আবগানী, মো. রেদোয়ান হোসেন, মোহাম্মদ উল্লাহ, মোহাম্মদ রাশেদ, ডা. নোমান, বিএনপি নেতা হুমায়ুন কবির, কামরুল হাসান চৌধুরী, করিম মেম্বার, ডা. আবু নুর সোহাগ, ফখরুল ইসলাম, আলতাব হোসেন, মো. সোহেল রানা, ছাত্রদল নেতা আক্তার মাহমুদ, জীবন গাজী, বাচ্চু মোল্লা, মৎস্যজীবী দলের নেতা ইকবাল বেপারী, আবুল খায়ের, মুরাদ হোসেন, আইয়ুব আলী, হাসানাত মাঝি, আব্দুল মতিনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা এ সময় জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার এবং জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

জাগো সংবাদ/আরাফাত/জাকির হোসেন জুয়েল

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন