সৈয়দপুর-রংপুর মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আহত

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশের সময়: Monday, 25 May, 2026 । 10:48 pm

নীলফামারীর সৈয়দপুর উপজেলার কলাবাগান এলাকায় রংপুর-সৈয়দপুর মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় মোঃ আব্দুল জলিল (৬৫) নামে এক পথচারী গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৫ মে ২০২৬) রাত আনুমানিক ৭টা ২৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

আহত আব্দুল জলিল নীলফামারী জেলার সৈয়দপুর থানার হাজার জোতপাড়া এলাকার মৃত নছর উদ্দিনের ছেলে।

জানা যায়, আব্দুল জলিল পায়ে হেঁটে পাকা মহাসড়ক পারাপারের সময় সৈয়দপুর থেকে রংপুরগামী একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিকে পুলিশ ভ্যানে করে উদ্ধার করে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

জাগো সংবাদ/আরাফাত/নয়ন মিয়া

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন