নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের হাটকালুপাড়া গ্রামের এক নারী প্রেমের সম্পর্কের ফাঁদে পড়ে অর্থ ও সংসার হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোর্শেদা বেগম উপজেলার হাটকালুপাড়া গ্রামের মোঃ মকসেদ আলীর মেয়ে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করার সময় পাবনা সদর উপজেলার খুটিপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমান পান্নার ছেলে সবুজ রহমান পান্নার সঙ্গে মোর্শেদা বেগমের পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
ভুক্তভোগীর অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে সবুজ রহমান পান্না তাকে সৌদি আরবে যেতে উৎসাহিত করেন এবং প্রতিশ্রুতি দেন যে, দেশে ফিরে এলে তাকে বিয়ে করবেন। সেই বিশ্বাসে দীর্ঘ প্রায় ৮ বছর ধরে বিভিন্ন সময়ে মোর্শেদার কাছ থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা নেন তিনি।
এছাড়াও, অভিযুক্তের চাপে পড়ে মোর্শেদা তার স্বামীকে তালাক দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে বিয়ের বাজার করার কথা বলে আরও ১ লাখ টাকা নেওয়ার পর সবুজ রহমান পান্না বিয়ে না করে আত্মগোপনে চলে যান বলে দাবি করেন ভুক্তভোগী।
বর্তমানে অর্থ হারানো ও সংসার ভাঙনের কষ্টে মানসিকভাবে ভেঙে পড়েছেন মোর্শেদা বেগম। তিনি জানান, টাকা ফেরত চাইলে অভিযুক্ত তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী নারী অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সবুজ রহমান পান্নার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
জাগো সংবাদ/আরাফাত/ফিরোজ আহমেদ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশের সময়: Monday, 25 May, 2026 । 10:35 pm