পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইয়ের হামলা; হাসুয়ার কোপে আহত ১

নওগাঁ প্রতিনিধি
প্রকাশের সময়: Saturday, 23 May, 2026 । 11:00 pm

নওগাঁর রাণীনগরে পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইয়ের হামলায় মোঃ উজ্জল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৩ মে) রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে রাণীনগর উপজেলার ১নং খটেশ্বর ইউনিয়নের পূর্ব বালুভরা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত উজ্জল হোসেন পূর্ব বালুভরা গ্রামের মৃত মালেক মন্ডলের ছেলে। অভিযুক্ত মোঃ মাসুম (৩৫) একই গ্রামের মৃত মানছের মণ্ডলের ছেলে এবং আহতের চাচাতো ভাই বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পারিবারিক বিরোধকে কেন্দ্র করে উজ্জল হোসেন ও মাসুমের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুম ধারালো দেশীয় অস্ত্র হাসুয়া দিয়ে উজ্জল হোসেনের বাম হাত, পিঠ ও গালে কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করেন।

এ বিষয়ে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া মন্ডল মুঠোফোনে জানিয়েছেন, “ঘটনার বিষয়টি জানতে পেরেছি। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

জাগো সংবাদ/আরাফাত

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন