মৌলভী চা বাগানে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ চা শ্রমিক দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করে মৌলভী চা বাগান পঞ্চায়েত কমিটি ও চা শ্রমিক ফেডারেশন, মৌলভীবাজার
মঙ্গলবার (২০ মে) আয়োজিত এ কর্মসূচিতে চা শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় চা শ্রমিকদের অধিকার, জীবনমান উন্নয়ন এবং দীর্ঘদিনের দাবি-দাওয়া নিয়ে বক্তব্য তুলে ধরেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিরণ বৈদ্যা। সভায় বক্তব্য রাখেন চা শ্রমিক নেতা অমৃত তেলি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গিয়ান উরাং এছাড়াও বক্তব্য দেন এডভোকেট আবুল হাসান **জগৎলাল তেলি** এবং ছাত্র-যুবকদের পক্ষ থেকে মোঃ রনি আহমেদ
বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে চা শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখলেও চা শ্রমিকরা এখনও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বহু বছর ধরে তারা স্বল্প মজুরি, চিকিৎসা সংকট, বাসস্থান ও ভূমি অধিকারের অনিশ্চয়তা নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
চা শ্রমিক নেতারা সরকারের কাছে ২০ মে’কে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জোর দাবি জানান। পাশাপাশি চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি, উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতকরণ এবং ভূমি অধিকার প্রতিষ্ঠার দাবি পুনর্ব্যক্ত করেন।
সভায় বক্তারা আরও বলেন, চা শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে এবং ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায় করা হবে।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা চা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
জাগো সংবাদ/আরাফাত/রনি

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশের সময়: Wednesday, 20 May, 2026 । 10:03 pm