নওগাঁর মান্দায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুজনসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (১৮ মে) ভোর ৬টার দিকে উপজেলার বিজয়পুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—জয়পুরহাট জেলার সদর থানার ধানমন্ডি এলাকার আমিনুল ইসলাম (৩৬), তার মা আকলিমা বেগম (৬২) এবং মাইক্রোবাস চালক আমজাদ হোসেন (৫০)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট থেকে অসুস্থ মাকে উন্নত চিকিৎসার জন্য মাইক্রোবাসযোগে রাজশাহী নিয়ে যাচ্ছিলেন আমিনুল ইসলাম। পথে তাদের মাইক্রোবাসটি মান্দার বিজয়পুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক (রাজশাহী) থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা মা-ছেলে ও চালক গুরুতর আহত হন।
খবর পেয়ে মান্দা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে তাদের চিকিৎসার জন্য মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশের বক্তব্য দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করার প্রক্রিয়া চলছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জাগো সংবাদ/আরাফাত/আরিফ হোসেন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশের সময়: Monday, 18 May, 2026 । 9:02 am