আলীকদম বাজারে সেনাজোন ও ফায়ার সার্ভিস উদ্যোগে অগ্নিনির্বাপনে সচেতনতায় যৌথ মহড়া

বান্দরবান প্রতিনিধি
প্রকাশের সময়: Sunday, 17 May, 2026 । 2:38 pm

বান্দরবানের আলীকদম বাজার এলাকায় অগ্নিকাণ্ড মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং জানমালের ক্ষয়ক্ষতি হ্রাসের লক্ষ্যে একটি অগ্নিনির্বাপন মহড়া সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে অনুষ্ঠিত এ মহড়ায় সার্বিক সহযোগিতা ও সমন্বয় প্রদান করে আলীকদম সেনা জোন।

রোববার (১৭ মে ২০২৬) তারিখে অনুষ্ঠিত এ মহড়ায় অগ্নিকাণ্ড সংঘটিত হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, আগুন নিয়ন্ত্রণ, নিরাপদ উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা কার্যক্রমের বিভিন্ন ব্যবহারিক প্রদর্শনী উপস্থাপন করা হয়। মহড়ার অংশ হিসেবে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপন সরঞ্জাম ব্যবহারের পদ্ধতি, ফায়ার এক্সটিংগুইশার পরিচালনা, গ্যাস সিলিন্ডার ও বৈদ্যুতিক শর্ট সার্কিটজনিত অগ্নিকাণ্ড প্রতিরোধ এবং সাধারণ জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কৌশল প্রদর্শন করা হয়।

এছাড়াও স্থানীয় ব্যবসায়ী, বাজার কমিটির সদস্য ও সাধারণ জনগণের মাঝে অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়। মহড়ায় আহত ব্যক্তিদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা প্রদানের বাস্তবধর্মী অনুশীলনও পরিচালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মো.মনজুর আলম, আলীকদম সেনাজোনের প্রতিনিধি জেডএসও মো.তাওহীদ, ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলীকদম জোন কমান্ডার লে: কর্ণেল আশিকুর রহমান আশিক এসপিপি,পিএসসি জানান, দুর্গম পার্বত্য এলাকায় যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী সর্বদা স্থানীয় প্রশাসন ও জনগণের পাশে রয়েছে। ভবিষ্যতেও জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি জোরদারে এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ।

আলীকদম সেনা জোনের তত্ত্বাবধান ও সহায়তায় পরিচালিত এ ধরনের কার্যক্রম স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং বেসামরিক প্রশাসন ও জনগণের সাথে সেনাবাহিনীর পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করছে।

 

জাগো সংবাদ/আরাফাত/জয়নাল আবেদীন 

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন