স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা জামায়াত আমিরের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Saturday, 16 May, 2026 । 5:54 am

আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে কিনা, তা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৫ মে) বিকেলে রংপুর শিল্পকলা অডিটোরিয়ামে আয়োজিত দলের এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশঙ্কার কথা জানান।

ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত দুটি উপনির্বাচনের মাঠপর্যায়ের পরিস্থিতি দেখে তাদের দল চরমভাবে উদ্বিগ্ন। তিনি বলেন, নির্বাচন ব্যবস্থা নিয়ে জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হলে সরকারকে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে। একই সঙ্গে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে তিনি পূর্ববর্তী সরকারের সমালোচনা করে অভিযোগ করেন, নির্বাচন-পূর্ব সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দ্বিপক্ষীয় চুক্তির বিষয়ে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে অন্ধকারে রাখা হয়েছিল। জামায়াতসহ অন্য দলগুলোকে এসব বিষয়ে কিছুই জানানো হয়নি বলেও দাবি করেন তিনি।

রংপুর অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, রংপুরকে অবহেলা করে দেশের প্রকৃত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তিনি তিস্তা মহাপরিকল্পনা ও তিস্তা চুক্তির বাস্তবায়নে জামায়াতে ইসলামী আন্তরিক থাকবে বলে উল্লেখ করেন। পাশাপাশি রংপুর অঞ্চলের মানুষের অধিকার আদায়ে ভবিষ্যতেও মাঠে সক্রিয় থাকার প্রতিশ্রুতি দেন।

বক্তব্যে দেশের ৪২টি স্থানে বিএনপির দলীয় প্রশাসক নিয়োগেরও সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, দেশের গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারের চেষ্টার মধ্যেই বিএনপি নিজেদের দলীয় লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে, যাদের অধিকাংশই বিগত নির্বাচনে জনগণের সমর্থন পাননি।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের মতামত ও প্রত্যাশার বিরুদ্ধে কোনো অন্যায্য সিদ্ধান্ত নিলে জামায়াতে ইসলামী তা মেনে নেবে না। তবে সরকার ভালো কাজ করলে তাদের দল সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান তিনি।

 

জাগো সংবাদ/আরাফাত 

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন