লক্ষ্মীপুরে নতুন সম্ভাবনা: বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও অর্থনৈতিক জোনের ঘোষণা

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশের সময়: Friday, 15 May, 2026 । 11:13 pm

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে লক্ষ্মীপুরবাসী উন্নয়নের ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছে। এই বঞ্চনা কাটিয়ে জেলাকে নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।

শুক্রবার (১৫ মে) বিকেলে লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “আমরা ১৭ বছর ধরে অবহেলিত ছিলাম। রাস্তা-ঘাট, জলাবদ্ধতা নিরসন, স্কুল-কলেজ ও মাদরাসাসহ সবক্ষেত্রে লক্ষ্মীপুর পিছিয়ে ছিল। এই অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা লক্ষ্মীপুরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবো, মেডিকেল কলেজ গড়বো এবং একটি অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা করবো।”

তিনি আরও বলেন, “আমরা যেন আর অবহেলিত, বঞ্চিত ও উপেক্ষিত না থাকি। চন্দ্রগঞ্জ উপজেলা গঠনের মাধ্যমে আমরা প্রমাণ করেছি, বিএনপি চাইলে তা বাস্তবায়ন করতে পারে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাবউদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউছুফ ভূঁইয়া, লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর ঘোষিত উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে লক্ষ্মীপুরে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিল্প খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন স্থানীয়রা।

 

জাগো সংবাদ/আরাফাত/জাকির হোসেন

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন