লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এক শিশু রোগীর ওপর সিলিং ফ্যান পড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুর আনুমানিক ২টার দিকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডের ৬ নম্বর কেবিনে এ দুর্ঘটনা ঘটে। জ্বরজনিত সমস্যায় ভর্তি থাকা ৮ বছর বয়সী শিশু সামিয়া চিকিৎসাধীন অবস্থায় থাকাকালে হঠাৎ সিলিং ফ্যান ঝুলানোর হুক ভেঙে তার ওপর পড়ে।
ফ্যানটি পড়ে শিশুটির মাথায় আঘাত লাগে এবং মাথায় কেটে যায় বলে জানা গেছে। পরে কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এরপর তাকে হাসপাতালে ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখা হয়। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আহত সামিয়া লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছালা উদ্দিনের মেয়ে।
এ ঘটনায় রোগীর স্বজনরা হাসপাতাল ভবনের দীর্ঘদিনের নাজুক অবকাঠামো ও অব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, পুরোনো ভবনের ছাদ ও দেয়াল দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং মাঝেমধ্যে বিভিন্ন অংশ খসে পড়ে। জরুরি ভিত্তিতে ভবন সংস্কার না করা হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলেও তারা দাবি করেন।
এ বিষয়ে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিউটি কনসালট্যান্ট) ডা. সোহেল রানা জানান, পুরোনো ছাদের সিলিং ফ্যানের হুক ভেঙে পড়ে এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, শিশুটিকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে সে হাসপাতালে ভর্তি অবস্থায় পর্যবেক্ষণে রয়েছে।
জাগো সংবাদ/আরাফাত/জাকির হোসেন

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশের সময়: Friday, 15 May, 2026 । 2:27 am