লক্ষ্মীপুরের আলোচিত তিন সন্তানের জননীর জামিন মঞ্জুর

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশের সময়: Wednesday, 13 May, 2026 । 8:48 pm

লক্ষ্মীপুরে মারধরের একটি মামলায় আড়াই বছরের শিশুকে নিয়ে কারাগারে যাওয়া ফারহানা আক্তার শিল্পী (৩২) অবশেষে জামিন পেয়েছেন। বুধবার (১৩ মে) দুপুরে লক্ষ্মীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি) আদালতের বিচারক শাহ জামাল মানবিক বিবেচনায় তার জামিন মঞ্জুর করেন।

আদালতের পেশকার দেলোয়ার হোসেন জানান, শিল্পীর কোলে একটি শিশু এবং বাড়িতে আরও দুই সন্তান থাকায় আদালত বিশেষ মানবিক বিবেচনায় তাকে জামিন দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, গত সোমবার (১১ মে) মারধরের একটি মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন ফারহানা আক্তার শিল্পী। আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় তিনি আড়াই বছরের ছেলে সিয়ামকে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুর জেলা কারাগারে যান।

প্রিজনভ্যানে শিশুকে কোলে নিয়ে থাকা শিল্পীর ছবি এবং কারাফটকের সামনে তার দুই স্কুলপড়ুয়া সন্তানের অপেক্ষার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আরও আলোচিত হয়ে ওঠে।

শিল্পীর আইনজীবী অ্যাডভোকেট মহসিন কবির স্বপন বলেন, ঘটনার ভিডিওতে শিল্পীর হাতে কোনো রড দেখা যায়নি। এছাড়া লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল সার্টিফিকেটে আঘাতের ধরন ‘সিম্পল’ বা সাধারণ উল্লেখ করা হয়েছে।

শিল্পীর ভাই মো. আবু ইউছুফ বলেন, “দুই দিন ধরে তার সন্তানরা মায়ের জন্য কান্নাকাটি করেছে। আজ জামিন পাওয়ায় পরিবারের সবাই স্বস্তি পেয়েছে।”

 

জাগো সংবাদ/আরাফাত/জাকির হোসেন

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন