নওগাঁ সদরে বোরো মৌসুমে খাদ্যশস্য সংগ্রহের উদ্বোধন

মোঃ আরাফাত আলী
প্রকাশের সময়: Tuesday, 12 May, 2026 । 5:37 pm

নওগাঁ জেলায় অভ্যন্তরীণ বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪ টায় জেলা খাদ্য বিভাগের আয়োজনে নওগাঁ সদর খাদ্যগুদামে প্রধান অতিথি হিসেবে খাদ্যশস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন- নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

এসময় জেলা প্রশাসক এবং জেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা খাদ্য নিয়ন্ত্রক এবং জেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সদস্য সচিব ফরহাদ খন্দকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছাঃ হোমায়রা মন্ডল এবং সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ।

আয়োজকরা জানান- এবছর জেলায় কৃষকদের কাছ থেকে অ্যাপের মাধ্যমে আবেদন গ্রহণ করে স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে লটারি করে কৃষক বাছাই করা হবে। বাছাইকৃত কৃষকরা খাদ্যগুদামে ধান দিতে পারবেন। সদর খাদ্য গুদামে প্রতিকেজি ধান ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৯৩৮ টন ধান, ৪৯ টাকা কেজি দরে ২০ হাজার ৯১৯ টান সিদ্ধ চাল, ৪৮ টাকা কেজি দরে ১ হাজার ৮০৩ টন আতপ চাল সংগ্রহ করা হবে। এছাড়া ৩৬ টাকা কেজি দরে ১২৯ টন গম সংগ্রহ করা হবে।

এসময় সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, সংবাদকর্মী, চালকল মালিক ও কৃষকরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি খাদ্যশস্য সংগ্রহের উদ্বোধন করেন। উদ্বোধনী প্রথম দিনে কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ২ টন ধান সংগ্রহ করা হয়।

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন