নওগাঁর ধামইরহাটে পৌরসভার বৃহত্তর সাপ্তাহিক হাটের ইজারা প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বর্তমান ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। শনিবার (৯ মে) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘ধামইরহাটের সচেতন ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সম্প্রতি পৌরসভার বৃহত্তর সাপ্তাহিক হাট ইজারা দেওয়ার জন্য প্রশাসকের পক্ষ থেকে দরপত্র আহ্বান করা হয়। কিন্তু ইজারা প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী অনেক ব্যক্তিকে সিডিউল কিনতে দেওয়া হয়নি। একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে প্রতিযোগিতা সীমিত করে রাখা হয় বলে দাবি করেন তারা।
বক্তারা বলেন, শেষ পর্যন্ত সরকারি নির্ধারিত ইজারা মূল্যের চেয়েও কম টাকায় একমাত্র দরদাতাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারিয়েছে বলে অভিযোগ তোলেন তারা। একই সঙ্গে অবিলম্বে বর্তমান ইজারা বাতিল করে পুনরায় সিডিউল বিক্রির মাধ্যমে স্বচ্ছ, উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক পরিবেশে নতুন করে হাট ইজারা দেওয়ার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
মানববন্ধনে বক্তব্য দেন ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রুহেল হোসেন, আলমপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রিভেন সরকার, ব্যবসায়ী রানা হোসেন ও মনিরুল ইসলাম। বক্তারা বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দিতে পুরো ইজারা প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
এদিকে অভিযোগের বিষয়ে ধামইরহাট পৌরসভার প্রশাসক প্রশান্ত চক্রবর্তী বলেন, একটি পক্ষ ইজারা ছাড়াই খাস আদায়ের অপচেষ্টায় লিপ্ত হয়ে টেন্ডার প্রক্রিয়ায় অন্যদের অংশগ্রহণে বাধা সৃষ্টি করছিল। পরে তৃতীয় দফায় জেলা প্রশাসকের কার্যালয়ে একজন দরদাতা সিডিউল জমা দিলে বিধি অনুযায়ী তাকেই ইজারা প্রদান করা হয়। তিনি দাবি করেন, ইজারা সরকারি নির্ধারিত মূল্যের চেয়েও বেশি মূল্যে দেওয়া হয়েছে এবং অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
জাগো সংবাদ/এমএএ/আরাফাত আলী

মোঃ আরাফাত আলী
প্রকাশের সময়: Saturday, 9 May, 2026 । 5:33 pm