রায়পুর থানার ওসি শাহিন মিয়ার হাতে জেলার শ্রেষ্ঠত্বের সম্মাননা

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশের সময়: Saturday, 9 May, 2026 । 10:17 am

লক্ষ্মীপুর জেলার সার্বিক কর্মমূল্যায়নে ২০২৬ সালের এপ্রিল মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন রায়পুর থানার ওসি শাহিন মিয়া। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

সম্প্রতি লক্ষ্মীপুর জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ সুপার মো. আবু তারেক ওসি শাহিন মিয়ার হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ কাজেমী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুর রাশেদ, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শামসুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা।

এ সময় পুলিশ সুপার মো. আবু তারেক জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল থানার কর্মকর্তাদের আরও নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনে মানবিক ও সেবামূলক পুলিশিং কার্যক্রমকে আরও জোরদার করতে হবে।

জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় সহকর্মী, শুভানুধ্যায়ী ও রায়পুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওসি শাহিন মিয়া। তিনি বলেন, “জনগণের সহযোগিতা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনায় রায়পুর থানার পুলিশ সদস্যরা দলগতভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জনগণের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব।”

 

জাকির হোসেন জুয়েল/এমএএ/জেএস

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন