গাজীপুরে আত্মগোপনে থাকা রাণীনগরের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: Friday, 8 May, 2026 । 10:05 pm

নওগাঁর রাণীনগর থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি মোঃ বাদশা শেখকে গাজীপুর জেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পাঁচটি মুলতবি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও তিনি একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি।

গ্রেফতারকৃত মোঃ বাদশা শেখ রাণীনগর উপজেলার বরিয়া পূর্বপাড়া গ্রামের মৃত বাছের শেখের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ ওঠে এবং আদালত থেকে জারি হওয়া একাধিক পরোয়ানার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর থানার এসআই মোঃ সাবিনুর ইসলাম সঙ্গীয় এসআই মোঃ সাইদুল ইসলাম ও পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করেন। অভিযানে গাজীপুর জেলার কাশিমপুর থানাধীন মোজার মেল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাণীনগর থানায় নিয়ে আসা হয়।

রাণীনগর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং আদালতের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

 

আবু সাঈদ/এমএএ/জেএস

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন