মাদারীপুরের কালকিনি উপজেলার আলোচিত আসামি ফয়সাল তালুকদারকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৮ এবং র্যাব ৪ যৌথভাবে অভিযান পরিচালনা করে কাফরুল থানা, ঢাকা এলাকা থেকে গ্রেফতার করেছে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব ঘটনায় তার নামে ১৮ টির অধিক মামলা চলমান রয়েছে এবং থানায় চারটি ওয়ারেন্ট ছিল বলে জানিয়েছে আইনশৃংখলা বাহিনী।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। তিনি বলেন, “ফয়সাল তালুকদার বিভিন্ন সময় গা-ঢাকা দিয়ে গ্রেফতার এড়াতে পালিয়ে ছিল। তবে আমরা তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছিলাম এবং শেষ পর্যন্ত তাকে আটক করতে সক্ষম হয়েছি।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সাল তালুকদার কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কালকিনি উপজেলার অন্তত পাঁচটি ইউনিয়নে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এলাকায় আধিপত্য বিস্তার করে হত্যা, চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সাম্প্রতিক সময়ে কালকিনিতে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঘটনার পর ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় এলাকা ছেড়ে চলে যায় বলে জানা গেছে।
এদিকে ফয়সাল তালুকদারের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে কালকিনি উপজেলার বিভিন্ন এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
জাগো সংবাদ/আরাফাত/এস এম তানবীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: Thursday, 7 May, 2026 । 10:50 am