গাজীপুরের কালিয়াকৈর উপজেলার এক বাবা জনাব আব্দুল্লাহ হেল বাকী, তার অপ্রাপ্তবয়স্ক কন্যার ঘটা যৌন নির্যাতনের ন্যায়বিচারের দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন করে আসছেন। তার অভিযোগ, স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক তার মেয়েকে যৌন নির্যাতন করেন। ঘটনাটি জানার পর তিনি প্রথমে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে প্রতিকার চাইলেও কোনো কার্যকর ব্যবস্থা পাননি।
পরিবারের দাবি, শিশুটি দীর্ঘদিন ভয়ে কাউকে কিছু বলতে পারেনি। পরে চিকিৎসা ও কাউন্সেলিংয়ের মাধ্যমে সে ঘটনাটি পরিবারের কাছে প্রকাশ করে। অভিযোগের পর পরিবার মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও তাদের অভিযোগ, বিষয়টি ধাপমাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।
পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় থানায় মামলা দায়ের, মানববন্ধন, বিক্ষোভ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। অভিযোগকারী পরিবারের ভাষ্য অনুযায়ী, আন্দোলনের ফলে বিষয়টি এলাকাজুড়ে আলোচনায় আসে এবং প্রশাসনের নজরে পৌঁছে।
এলাকাবাসীর দাবি, শিশু নির্যাতনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করা হোক।
প্রতিবেদনে উল্লেখিত অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য সংগ্রহের চেষ্টা করা হয়েছে। বক্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা হবে।

জনতার চোখ ডেস্ক
প্রকাশের সময়: Sunday, 10 September, 2023 । 10:56 pm