অবৈধ ইটভাটার বিরুদ্ধে আত্রাইয়ে মোবাইল কোর্ট: তিন প্রতিষ্ঠানে ৬ লাখ টাকা জরিমানা

জাগো সংবাদ ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 22 April, 2026 । 1:13 pm

নওগাঁ জেলার আত্রাই উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৬ লাখ টাকা জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট। বুধবার (২২ এপ্রিল ২০২৬) পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিষেক কান্তি বর্মনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে অবৈধভাবে পরিচালিত পাঁচপাকিয়া এলাকার মেসার্স এনবিএ ব্রিকসকে ২ লাখ টাকা, শিকারপুর এলাকার মেসার্স মনোয়ারা ব্রিকসকে ২ লাখ টাকা এবং মেসার্স মজিদ ব্রিকস ম্যানুফ্যাকচারারকে ২ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সঙ্গে তিনটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে জেলা পুলিশ, নওগাঁর একটি চৌকস দল নিরাপত্তা নিশ্চিত করে।

পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ সুরক্ষা এবং অবৈধ কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

 

জাগো সংবাদ/এমএএ/এস আর

সম্পাদক ও প্রকাশক: সোলাইমান ফোন: 01810-546098 ই-মেইল: janatarchokh@gmail.com

প্রিন্ট করুন