দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, থাকছে একাধিক কর্মসূচি
দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর সফরে গেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার পর রাজধানীর গুলশানের বাসা থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে গাড়িযোগে চাঁদপুরের পথে রয়েছেন। সফরে তিনি কুমিল্লায় একটি পথসভায় অংশ নেবেন এবং চাঁদপুরে দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। পাশাপাশি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান ও জেলা বিএনপির সাংগঠনিক সভাতেও যোগ দেবেন।
সফরসূচি অনুযায়ী, যাত্রাপথে বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি।
পরে দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এছাড়া দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেওয়ার কথা রয়েছে তার। বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
দিনের শেষ কর্মসূচিতে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম চাঁদপুর সফর। এর আগে সর্বশেষ ২০০৪ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে তিনি চাঁদপুর সফর করেছিলেন।
জাগো সংবাদ/আরাফাত

