লক্ষ্মীপুরের রায়পুরে
নিখোঁজ কিশোর অটোচালকের মরদেহ উদ্ধার, আগে চাওয়া হয় মুক্তিপণ
লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে মুক্তিপণ দাবি এবং পরদিন এক কিশোর অটোচালকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত রাজিব (১৩) উপজেলার দক্ষিণ গাইয়ার চর ফজু মোল্লা স্টেশন এলাকার অটোচালক মোস্তফার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে) রাত আনুমানিক ৮টার দিকে রাজিব অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রাত প্রায় ৩টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা রাজিবের বাবার মোবাইল ফোনে কল দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
শনিবার (২ মে) দুপুরে উপজেলার ক্যাম্পের হাট স্কুলের পশ্চিম পাশে একটি বাগানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, শিমুলতলা এলাকার এক যুবকের সঙ্গে রাজিবকে সর্বশেষ দেখা গেছে। ওই যুবক রাজিবের অটোরিকশা ভাড়া করে তাকে প্রায় দেড় কিলোমিটার দূরে নিয়ে যান। এরপর থেকেই রাজিব নিখোঁজ হয়ে যায়। ঘটনার পর ওই যুবক পলাতক রয়েছে বলে অভিযোগ উঠেছে।
নিহতের পরিবার জানায়, রাজিব নিখোঁজ হওয়ার পর তার বাবা থানায় গিয়ে দেখতে পান অটোরিকশাটি সেখানে রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্টরা জানান, অটোরিকশাটি একটি হিন্দু বাড়ির সামনে রেখে যাওয়া হয়েছিল।
পরবর্তীতে সন্দেহভাজন যুবকের বাড়িতে খোঁজ নিতে গেলে তার শাশুড়ি জানান, রাত ৯টার দিকে তিনি একটি সাইকেল ও পোষা বানর নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মুক্তিপণ দাবির বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
জাগো সংবাদ/আরাফাত/জাকির

